Tuesday, July 21, 2009

সূর্যগ্রহনের আগেই দ্বন্দ জ্যোতিষী ও জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে...




জ্যোতিষী এবং জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা দিল ব্যাঙ্গালোরে।মতপার্থক্যের কারণ শতাব্দীর শেষ এবং বিস্ময়কর সূর্যগ্রহন। যা দেখা যাবে আগামীকাল।
কি বলছেন জ্যোতিষবিদ্‌রা? তাদের কথায় এটি অত্যন্ত ক্ষতিকর এবং জনগণের মধ্যে এর খারাপ প্রভাব পড়তে পারে।
এর পেছনে তাদের যুক্তি- ইন্দিরা গান্ধীর হত্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মহাভারতের যুদ্ধও সূর্যগ্রহনের দিনেই হয়েছিল।
কিন্তু তাদের এই যুক্তিকে কুসংস্কারাছন্ন বলে খন্ডন করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা বলছেন যে এটি বৈজ্ঞানিক একটি ঘটনা। চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আংশিক বা কখনও সম্পূর্ণ অংশ ঢাকা পরে যায় তখনই সূর্যগ্রহনের সূচনা হয়।
জ্যোতিষবিদ্‌ সোম্যাজী এর হাত থেকে মুক্তি পেতে জনগণকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন এবং পূজা, যজ্ঞ ও মন্দিরে গিয়ে উপাসনা করবার নির্দেশ দিয়েছেন।
কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা একে গবেষনার কাজে ব্যবহার করার কথা বলছেন। ব্যাঙ্গালোর সায়েন্স ইউনিভার্সিটির সভাপতি রামা রাও জানিয়েছেন যে গ্রহনের সাথে কুসংস্কারের কোন সম্পর্ক নেই।
এছাড়াও তারা ‘করোনা’ নামক সূর্যের বাইরের অংশটি নিয়ে গবেষনা করার কথা ভাবনা-চিন্তা করছেন।দীপক নন্দ নামে এক ছাত্র জানিয়েছে যে সে এই বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হতে চায়। তবে অবশ্যই সুরক্ষিত চশমা দিয়েই সে এই দৃশ্য উপভোগ করবে বলেও জানিয়েছে।
অপরদিকে ইসকন মন্দিরে প্রতিবারের ন্যায় এবছরও আগামীকাল পূজা-অর্চনার ব্যবস্থা করা হয়েছে।

চন্দ্র অভিযানের ৪০ বছর......




এই বয়সেও তৃপ্ত নন তারা।এবার তাদের লক্ষ্য মঙ্গল গ্রহে অভিযান।এরা হলেন ১৯৬৯ সালের সফল চন্দ্র অভিযানের তিন নায়ক মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন ও নীল আমস্ট্রং।
দিনটা ছিল ২০ জুলাই, ১৯৬৯। যখন চাঁদের মাটিতে হাঁটছেন আমস্ট্রং আর অলড্রিন তখন অ্যাপালো ১১-য় চেপে চাঁদের কক্ষপথে চক্কর দিচ্ছেন কলিন্স।সেই প্রথম চাঁদের মাটিতে পা পড়েছিল মানুষের।তারপর কেটে গিয়েছে ৪০ বছর। আবার চাঁদে মানুষ পাঠাতে আগ্রহি নাসা। কিন্তু চাঁদে অভিযানের ব্যাপারে তিনজনই ভিন্নমত পোষন করেছেন।চাঁদের স্বপ্নে বিভোর থাকলেও তাদের আগ্রহ মঙ্গল অভিযানেই।
উল্লেখ্য মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এই তিনজনকেই হোয়াইট হাউসে সন্মান জানালেন। তিনি এই তিনজনকে ‘প্রকৃত আমেরিকান নায়ক’ বলে ভূষিত করেন।
আর্মস্ট্রং বলেন যে “১৯৬৯ সালের অভিযানটি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি শান্তিপূর্ণ প্রতিযোগীতার পথ খুলে দিয়েছিল।এতে দুদেশেরই লাভ হয়েছে।”
তবে এখন মঙ্গলের অজানা রহস্য উন্মোচনে তাঁরা যে বেশ আগ্রহী সে কথাই বোঝালেন তাঁরা।

ক্লিন্টনের ভারত সফরের মূল বার্তা কি?...




ভারত-পাক সম্পর্কে নতুন মোড়। ২০০৪ সালে দুই দেশের মধ্যে এক চুক্তি হয়েছিল। কিন্তু নভেম্বর, ২০০৮ মুম্বাই বিস্ফোরনের পর তা চলে গেল হিমঘরে।সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্দোলন শুধু আলোচনার মধ্যেই সীমিত থাকা চলবেনা। নিতে হবে সক্রিয় পদক্ষেপ।তা নিতে না পারায় সমালোচিত হতে হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে।
তারপরেই চাপ বাড়াতে থাকে ভারত। কারণ লোকসভা ভোটের দায়।কাজও হয়। কিছুটা নড়ে চড়ে বসে পাকিস্থান। সন্ত্রাসবাদীদের নিয়ে এক তথ্য ভারতের হাতে তুলে দেয় তারা। কিন্তু ১৯৭২ সালে পাকিস্থানের সাথে সিমলা চুক্তির সময় যে বুদ্ধিমত্তার পরিচয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দিয়েছিলেন মনমোহন সিংহ কিন্তু পারলেননা।
অপরদিকে রয়েছে পাকিস্থান।লোকে বলে যে সেখানে গণতন্ত্র বলে কিছুই নেই।সেখানেই বাড়বাড়ন্ত ভারত বিরোধী সন্ত্রাসবাদী সংগঠনগুলির।পাক সরকার কি সেগুলি দমনে সবসময় সচেষ্ট-প্রশ্ন জাগতেই পারে? কারণ মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সৈয়দকে গ্রেপ্তার করার ব্যাপারে তাদের কোর্ট অপারগ বলে জানালে সন্দেহের উদ্বেগ হওয়াটা স্বাভাবিক।
কি ভূমিকা আমেরিকা যুক্তরাষ্ট্রের। সন্ত্রাস দমনে একের পর এক অর্থ সাহায্য তারা করে চলেছে পাকিস্থান সরকারকে।বারবার ভারত-পাক সম্পর্কে মধ্যস্থতা করে চলেছেন তারা।
কয়েকদিন পূর্বে ন্যাম সামিটে ভারত-পাক যৌথ বিবৃতি কিন্তু দুই দেশের সম্পর্কে নতুন মোড় এনেছে।ক্লিন্টনের ভারত সফর এই দুই দেশের সম্পর্কে নতুন গতি আনল।

Monday, July 20, 2009

চন্দ্রায়ন প্রকল্প নিরাপদ-জানালো ইসরো




দেখা দিল যান্ত্রিক ত্রুটি। কিন্তু আয়ূ সম্ভবত কমছেনা চন্দ্রযান-১ এর। ‘স্টার সেন্সর’ নামক ছোট যন্ত্রটি হারিয়ে যাওয়াতেই এই বিপত্তি। কিন্তু চৌখস ছিলেন বিজ্ঞানীরা। তাই ভারতের ‘চন্দ্রায়ন’ প্রকল্পটি এ যাত্রা বেঁচে গেল।
উল্লেখ্য ২০০৮ সালের ১লা অক্টোবর শুভারম্ভ হয়েছিল এই প্রকল্পটির। এটিই ভারতের একমাত্র চন্দ্র প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পটি ভারতকে আমেরিকা, রাশিয়া, জাপান এবং চায়নার সাথে একাসনে বসিয়ে দিয়েছে। আর এই মুহুর্তে দুই বছরের প্রকল্পটির প্রায় ৯০ শতাংশ কাজ সমাপ্ত।
তাই ছোট এই ত্রুটি বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ইসরোর বিজ্ঞানীদের কাছে। ‘স্টার সেন্সর’ কি? কি এই যন্ত্রের কাজ? এই নিয়ে ভিন্নমত প্রকাশ করছেন বিজ্ঞানীরা।
কারও মতে এটি অচল হয়ে পড়লে স্পেসটির আয়ূও কমে যায়। কিন্তু মাধবন নায়ারের মতে স্পেস ক্র্যাফটের আয়ূ ছোট কোন যন্ত্রের উপর নির্ভর করেনা, তাই খুব একটা চিন্তার কারন নেই।
যাই হোক সমস্যা মিটে গেছে। আপাতত ইসরোর বিজ্ঞানীদের চোখ ২০১১ সালের চাঁদে ভারতের পরবর্তী প্রকল্পটির দিকে।

অপরাধ স্বীকার করলেন কাসাভ ........................।




২৬/১১ কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন৷ একথা মেনে নিলেন তাজ হামলার একমাত্র জীবিত সন্ত্রাসবাদী আজমল কাসাভ৷ আদালতের মধ্যেই তিনি এই কথা স্বীকার করে নিলেন। বিচারপতির সামনেই তিনি জানান- আমি নিজের অপরাধ স্বীকার করতে চাই।

বিচারপতির সামনেই কাসাভ সমস্ত কথা স্বীকার করেছেন। কারা এই ব্যাপারে জড়িত তাও জানিয়েছেন। হামলার দিনই ক্যামেরাতে কাসাভের চিত্র বহুবার দেখা গিয়েছিল। বহু বার নিজের বয়ান বদলে এবারে নিজের অপরাধ কবুল করলেন পাক নাগরিক আজমল কাসাভ।

কাসাভ অপরাধ স্বীকার করার ফলে পাকিস্থানের ওপর চাপ বাড়ানো যাবে বলে ধারণা ভারতীয় বিদেশ মন্ত্রকের।

Thursday, July 16, 2009

টুকরো খবর......


আম্বানী-স্পিলবার্গ চুক্তি...
অনিল আম্বানীর সঙ্গে বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিফেন স্পিলবার্গ চুক্তিবদ্ধ হলেন। ৮২৫ মিলিয়ন ডলারের এই চুক্তি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে বৃহত্তম। অনিল আম্বানীর রিলায়েন্স বিগ এন্টারটেনমেন্ট এবং লস্‌ এঞ্জেলসের ড্রিমওয়ার্কস স্টুডিও একত্রে বছরে ৬টি সিনেমা তৈরী করবেন সারা বিশ্বের জন্য।



কৃত্রিম পতঙ্গ তৈরির চেষ্টা জাপানী বিজ্ঞানীদের....
টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিওহেই কানজাকি তিন দশক ধরে পতঙ্গের মস্তিষ্ক নিয়ে গবেষণা করছেন৷ তবে তাঁর প্রধান উদ্দেশ্য মানব মস্তিষ্ক আয়ত্ত করা৷ অসুখ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানব মস্তিষ্ক সারানোর বড় উদ্দেশ্য সামনে রেখেই তাঁর গবেষণা৷ মূলত একাজ করতে গিয়েই পতঙ্গের ক্ষুদ্র মস্তিষ্কের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দেন তিনি৷আর এর জন্যই কৃত্রিম পতঙ্গ তৈরিতে ব্যস্ত এই অধ্যাপক।



অর্থনৈতিক মন্দার শিকার কুমোরটুলি...
আসছে শরৎ-আসছেন দেবী দুর্গা, তাই বাঙ্গালীর মুখে হাসির ছোঁয়া। কিন্তু মুখে হাসি নেই মা দুর্গার মূর্তি তৈরীর কারিগরদের। এবার কোলকাতার কুমোরটুলিও অর্থনৈতিক মন্দার শিকার হল। বিদেশে এবার কম পাড়ি দিচ্ছে কুমোরটুলির মূর্তি। প্রতি বছরের তুলনায় প্রায় ১০-১২টি মূর্তি কম যাচ্ছে বিদেশের বাজারে। তাই চিন্তার ছায়া কুমোরটুলিতে।



সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ...
সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ জানাতে হোটেল তাজ-কেই বেছে নিলেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটন৷ ২৬/১১- এর রাতে এই তাজেই হামলা চালিয়েছিল পাকিস্থানের জঙ্গিরা৷মারা গিয়েছিল ১৮০ জনেরও বেশী৷
এই নিয়ে দ্বিতীয়বার ভারতে আসছেন তিনি৷ ভারত সফরে তার থাকার ব্যবস্থা নিয়ে কথা উঠলে হিলারি নাকি তাজ হোটেলকেই বেছে নেন৷ মুম্বাই পুলিশের মতে, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই নাকি সন্ত্রাস আক্রান্ত হোটেলটিকে বেছে নিলেন তিনি৷

সেরা বাঙ্গালী...
রোজগারের হিসাবে ১০ জন বিশ্বসেরা কৌতুকাভিনেতার অন্যতম কানাডার রাসেল পিটার্স(৩৮)। বাবা এরিক, মা মরিন-দুজনেই বাঙ্গালী। কোলকাতার লোক এরা। কিন্তু রাসেলের জন্ম টরেন্টোয়। আয় বছরে এক কোটী ডলার।
টেস্টে শীর্ষে গম্ভীর, একদিনে ধোনি...


আই সি সির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন গৌতম গম্ভীর।চার বছর পর তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি শীর্ষস্থান দখল করলেন। তার সংগ্রহে রয়েছে ৮৪৭ পয়েন্ট।

আজ কোলকাতার সর্বত্র ব্যপক অরাজকতা-কাল ১২ ঘন্টার বাংলা বনধ




গতকাল বর্ধমান জেলার মঙ্গলকোটে যেতে গিয়ে হেনস্থা হতে হয়েছিল কংগ্রেসের নয়জন বিধায়ককে। আহতও হয়েছিলেন কেউ কেউ।
আজ তাই প্রতিবাদে পথে নেমেছিলেন তারা। অবরোধ করা হয় গুরুত্বপূর্ণ রাস্তা ও বাঁধা দেওয়া হয় ট্রেন চলাচলে। কিছুক্ষনের জন্য স্তব্ধ হয়ে যায় শহরের জীবনযাত্রা।হাওড়া ব্রিজ সহ নানা স্থানে সরকারী বাস পুড়িয়ে দেওয়া হয়।

উল্লেখ্য বুধবার কংগ্রেস পরিষদীয় দলনেতা মানস ভুঁইয়ার নেতৃত্বে ১৪ জন সদস্যের এক প্রতিনিধি দল মঙ্গলকোটে গেলে তাদের উপর আক্রমণ চালায় একদল দুস্কৃতি। তাদের অভিযোগ সিপিএমের সশস্ত্র ক্যাডাররাই এই আক্রমণ চালিয়েছে।
সিপিএম জেলা সমিতির সদস্য ফাল্গুনী মুখোপাধ্যায়কে হত্যা করার ফলে ওখানকার কংগ্রেসী সমর্থকদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। সেই সমর্থকদের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র বিতরনের উদ্দেশ্যেই মঙ্গলকোট গিয়েছিলেন এই প্রতিনিধিদল।