Monday, August 24, 2009

সন্ত্রাসবাদীদের হাতে পরমাণু বোমা আসার আশঙ্কা......




সন্ত্রাসবাদীদের হাতে পরমাণু অস্ত্র চলে আসতে পারে – এমন আশঙ্কার কথা ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর থেকেই বার বার শোনা যাচ্ছে৷ শুধু মার্কিন প্রশাসন নয়, এবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র নোবেলজয়ী প্রধান মহম্মদ আল বারাদেই এমন আশঙ্কার কথা পুনর্ব্যক্ত করলেন৷ স্যুডডয়চে সাইটুং লিখেছে, তালিবান বিদ্রোহী ও তাদের সহযোগীরা পাকিস্তানের পরমাণু কেন্দ্রগুলির দিকে নজর রাখছে৷ ২০০৭ সালে বিমানবাহিনীর এমন এক ঘাঁটির উপর হামলা চালানো হয়েছিল, যেখানে পরমাণু অস্ত্র মজুত রয়েছে বলে অনুমান করা হয়৷ এমন আরও কয়েকটি হামলা ঘটেছে, যার মধ্যে কাহুটা পরমাণু কেন্দ্রের কর্মীদের বাসের উপর আত্মঘাতী হামলা বিশেষ উল্লেখযোগ্য৷

পাকিস্তানের সরকার ও অনেক পশ্চিমী বিশেষজ্ঞ অবশ্য মনে করেন, যে এই সব হামলাকে সরাসরি পরমাণু অস্ত্র পাওয়ার প্রচেষ্টা বলা চলে না৷ তবে তালেবান বিদ্রোহীরা যখন রাজধানী ইসলামাবাদের প্রায় ১০০ কিলোমিটার দূরে চলে এসেছিল, তখন এমন জল্পনা-কল্পনাও শুরু হয়েছিল, যে ইসলামী কট্টরপন্থীরা পাকিস্তানের ক্ষমতা দখল করলে মার্কিন প্রশাসন পাকিস্তানের পরমাণু অস্ত্র দেশের বাইরে নিয়ে চলে যেতে পারে৷ সন্ত্রাসবাদীদের এই সব প্রচেষ্টা সত্ত্বেও বেশীরভাগ বিশেষজ্ঞ মনে করেন, যে তাদের পক্ষে পরমাণু অস্ত্র প্রয়োগের সব উপকরণ যোগাড় করা সম্ভব হবে না৷ পাকিস্তানের সেনাবাহিনীও এবিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে৷ কিন্তু ‘সর্ষের মধ্যে ভুত’ – অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে সন্ত্রাসবাদীদের চর ঢুকে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না স্যুডডয়চে সাইটুং৷

No comments:

Post a Comment